সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নামে একটি মন্তব্য প্রচার করা হয়েছে। প্রচারিত বক্তব্যে বলা হয়েছে, “কোনো মানুষই ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। ছোটখাটো অনেক ভুলই মানুষ করে। একজন বয়স্ক সম্মানিত মানুষকে এভাবে মিডিয়া ট্রায়াল না করে তাঁকে তাঁর ভুল শুধরানোর সুযোগ দিন।”
তবে অনুসন্ধানে দেখা যায়, ডা. শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেননি। বরং আলোচিত বক্তব্যটি একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজে ব্যঙ্গাত্মকভাবে তৈরি ও প্রচার করা হয়েছে। পরবর্তীতে ওই পোস্টের ব্যঙ্গাত্মক প্রেক্ষাপট উপেক্ষা করে বক্তব্যটিকে ডা. শফিকুর রহমানের প্রকৃত মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
আলোচিত দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য ভিডিও, অডিও, সংবাদ প্রতিবেদন বা ডা. শফিকুর রহমানের স্বীকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত কোনো বক্তব্যের সন্ধান পাওয়া যায়নি। একইসঙ্গে, জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট অফিসিয়াল প্ল্যাটফর্মেও এমন কোনো মন্তব্যের তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, ডা. শফিকুর রহমানের নামে প্রচারিত বক্তব্যটি কোনো বাস্তব বক্তব্যের উদ্ধৃতি নয়। এটি একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে উদ্ভূত, যা পরবর্তীতে প্রেক্ষাপট বাদ দিয়ে সত্যিকারের বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।

