সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা” শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়েছে। দাবিটির সঙ্গে বাংলাদেশের মেট্রোরেলের একটি ছবি ব্যবহার করায় অনেকেই এটিকে বাংলাদেশের মেট্রোরেলে কার্যকর হওয়া নতুন আইন হিসেবে ধরে নিয়েছেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি বাংলাদেশের মেট্রোরেলকে ঘিরে নয়। প্রকৃতপক্ষে, ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানার বিধান রেখে কার্যকর হওয়া একটি নতুন নিয়মের খবরকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
ভাইরাল দাবিতে ব্যবহৃত ছবিটি যাচাই করে দেখা যায়, এটি বাংলাদেশের মেট্রোরেলেরই একটি পুরোনো ছবি। ছবিটি ২০২৪ সালের ২৫ আগস্ট দৈনিক জাগো নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত হয়েছিল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দীর্ঘ বিরতির পর মেট্রোরেল চালু হলে ছবিটি তোলা হয়।
অন্যদিকে, ভারতে হেডফোন ছাড়া মেট্রোরেলে ভিডিও দেখার ক্ষেত্রে জরিমানার বিধান কার্যকর হওয়ার খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নিয়মটি ১৯ জুন থেকে কার্যকর হওয়ার তথ্যও এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মূলত, ভারতের ওই আইনসংক্রান্ত সংবাদটি বাংলাদেশের একটি পুরোনো মেট্রোরেলের ছবি দিয়ে প্রচার করা হয়। সংবাদের শিরোনামে দেশটির নাম স্পষ্টভাবে উল্লেখ না থাকায় এবং বাংলাদেশের মেট্রোরেলের ছবি ব্যবহৃত হওয়ায় পরবর্তীতে বিষয়টি বাংলাদেশের নতুন আইন হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে বাংলাদেশের মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানা আরোপের মতো কোনো নতুন আইন বা বিধান চালুর বিষয়ে দেশীয় মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সরকারি সূত্রে তথ্য পাওয়া যায়নি।

