সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের সঙ্গে শাকিল ইসলাম হত্যার বিষয়ে একটি বক্তব্য জুড়ে প্রচার করা হচ্ছে। বিভ্রান্তিকর পোস্টটিতে ইংরেজিতে লেখা হয়েছে, “I am truly devastated today; Shakil Islam—a leader within our own organization, the Chhatra Dal, serving as the Member Secretary of the Rudaspur City unit—has been brutally and calculatedly murdered.” অর্থাৎ, “আজ আমি গভীরভাবে শোকাহত। আমাদের নিজেদের সংগঠন ছাত্রদলের নেতা এবং রুদাসপুর সিটি ইউনিটের সদস্যসচিব শাকিল ইসলামকে অত্যন্ত নৃ‘শং‘স ও পরিকল্পিতভাবে হ‘ত্যা করা হয়েছে।”
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণে এমন কোনো বক্তব্য ছিল না।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণাঙ্গ পাঠ যাচাই করে শাকিল ইসলাম কিংবা তাঁর হ‘ত্যাকাণ্ড নিয়ে প্রচারিত বক্তব্যটির কোনো উল্লেখ পাওয়া যায়নি। সরকারি সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন। অন্যদিকে, নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম ১৪ অক্টোবর হামলার শিকার হন এবং ২৬ অক্টোবর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অর্থাৎ, শাকিলের ওপর হামলা ও তাঁর মৃ‘ত্যুর ঘটনা প্রধানমন্ত্রীর ভাষণের পরের। ফলে পরবর্তী সময়ে ঘটে যাওয়া এই হ‘ত্যাকাণ্ড নিয়ে বক্তব্যটি তাঁর আগের ভাষণের অংশ হিসেবে প্রচার করা অসত্য।
প্রচারিত ভিডিওটি বিশ্লেষণ করে আরও দেখা যায়, প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণের মূল ফুটেজের সঙ্গে শাকিল হ‘ত্যার বিষয়ে প্রচারিত বক্তব্য যুক্ত করা হয়েছে। ভিডিওটির অডিও এআই শনাক্তকরণ টুলে পরীক্ষা করা হলে অডিওর ৯৯ শতাংশের বেশি এআই-সৃষ্ট হওয়ার ফল পাওয়া গেছে। ভিডিওর মূল বক্তব্যের সঙ্গে প্রচারিত কথার অমিল এবং মূল ভাষণে বক্তব্যটির অনুপস্থিতি থেকে স্পষ্ট হয়, প্রধানমন্ত্রীর প্রকৃত ভাষণের সঙ্গে কৃত্রিমভাবে তৈরি কণ্ঠস্বর যুক্ত করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
একজন ছাত্রনেতার হ‘ত্যাকাণ্ড নিঃসন্দেহে গুরুতর ও সংবেদনশীল ঘটনা। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নামে এমন বক্তব্য প্রচার করা, যা তিনি দেননি, জনমনে ভুল ধারণা তৈরির পাশাপাশি প্রকৃত ঘটনাকে ঘিরেও বিভ্রান্তি ছড়াতে পারে। শাকিল ইসলামের হ‘ত্যার বিচার দাবি এবং ঘটনার সত্যতা যাচাই এক বিষয়, আর সেই ঘটনাকে ব্যবহার করে প্রধানমন্ত্রীর নামে ভুয়া বক্তব্য প্রচার করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সুতরাং, জাতিসংঘে তারেক রহমানের ভাষণে শাকিল ইসলাম হ‘ত্যার উল্লেখের দাবিতে প্রচারিত পোস্টটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

