সম্প্রতি শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের নামে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনডিপেনডেন্ট টেলিভিশনের নকশা ব্যবহার করা ওই ফটোকার্ডে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সম্মানিত অতিথি। তিনি বাংলাদেশে কবে ফিরবেন, কী ফিরবেন না—সেটা পুরোপুরি তার ওপর নির্ভর করে।”
অনুসন্ধানে দেখা যায়, ইনডিপেনডেন্ট টেলিভিশন এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। একইভাবে, এস. জয়শঙ্করও এমন কোনো মন্তব্য করেছেন—এমন নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুসন্ধান করেও আলোচিত বক্তব্যের কোনো অস্তিত্ব মেলেনি।
এছাড়া, প্রচারিত ফটোকার্ডের নকশা ও শিরোনামের ফন্ট ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রচলিত ফটোকার্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এস. জয়শঙ্করের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি, অন্যান্য নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরনের মন্তব্যের কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।
সুতরাং, ‘শেখ হাসিনা আমাদের সম্মানিত অতিথি, তিনি বাংলাদেশে কবে ফিরবেন তা তার ওপর নির্ভর করে’— ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে উদ্ধৃত করে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

