সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বুলডোজার দিয়ে একটি দোকান উচ্ছেদের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ভারতের আসাম রাজ্যের ধুবড়ি শহরে অবৈধ বাংলাদেশিদের স্থাপনা উচ্ছেদের দৃশ্য।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের আসাম রাজ্যের ধুবড়ি শহরের কোনো উচ্ছেদ অভিযানের নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযানের ভিডিওকে ভারতের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ১৭ আগস্ট ‘ডেইলি বাংলা পোস্ট’ নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সম্পূর্ণ মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘উচ্ছেদে ভাঙল দোকান, দিশেহারা তরুণী’। পাশাপাশি, ভিডিওটির ঘটনাস্থল হিসেবে দিয়াবাড়ির উল্লেখ করা হয়, যা রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত।
এ বিষয়ে আরও অনুসন্ধানে গত ১৭ আগস্ট স্টার নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবন এবং সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রাজউক। এ অভিযানে চারটি নির্মাণাধীন ভবনের নকশাবহির্ভূত অংশ আংশিক অপসারণের পাশাপাশি ৭৩টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
সুতরাং, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযানের ভিডিওকে ভারতের আসামে অবৈধ বাংলাদেশিদের স্থাপনা উচ্ছেদের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে। দাবিটি মিথ্যা।

