Google search engine
HomePoliticsবগুড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দাবিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনের পুরোনো ভিডিও...

বগুড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দাবিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি বগুড়ায় আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিলের দৃশ্যও নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বগুড়ায় শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘MD Yousuf Khan’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে সম্প্রতি প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। পোস্টের ক্যাপশনেও ভিডিওটি ২০২৪ সালের ২ আগস্ট বগুড়ায় ধারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

পরবর্তী অনুসন্ধানে একই তারিখে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ২ আগস্ট জুমার নামাজের পর বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জড়ো হন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ওই সমাবেশের মাধ্যমে আন্দোলনকারীরা প্রায় চার ঘণ্টা সাতমাথা অবরুদ্ধ করে রাখেন।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বগুড়ায় শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশের দৃশ্য। এর সঙ্গে সম্প্রতি আওয়ামী লীগের সমর্থনে কোনো বিক্ষোভ মিছিলের সম্পর্ক নেই।

সুতরাং, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বগুড়ায় শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশের ভিডিওকে সম্প্রতি আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular