Google search engine
HomePoliticsশেখ হাসিনা দেশে ফিরলে ১৪৪ ধারা জারি ও সেনা মোতায়েনের দাবি -...

শেখ হাসিনা দেশে ফিরলে ১৪৪ ধারা জারি ও সেনা মোতায়েনের দাবি – স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে তাঁর নামে দাবি করা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে ১৪৪ ধারা জারি ও সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং তাঁর ফাঁসির রায় কার্যকর করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

অনুসন্ধানে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে মনগড়া বক্তব্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকার ও সংসদীয় বক্তব্য পর্যালোচনা করা হয়। তবে সেসব বক্তব্যে আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে দেশীয় গণমাধ্যম ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে অনুসন্ধান করেও তাঁর নামে এমন কোনো বক্তব্যের তথ্য মেলেনি।

এ ছাড়া, সালাহউদ্দিন আহমদের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের সমর্থনে কোনো পোস্ট বা বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, ফটোকার্ডটি যেসব অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, সেগুলোতেও বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, প্রকাশের তারিখ কিংবা মূল বক্তব্যের লিংক উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, দৈনিক ইত্তেফাকের গত ৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পলাতক ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইনের আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। তবে ওই প্রতিবেদনে আলোচিত ফটোকার্ডে প্রচারিত ১৪৪ ধারা জারি, সেনা মোতায়েন কিংবা ফাঁসির রায় কার্যকরের বিষয়ে কোনো বক্তব্যের উল্লেখ নেই।

অর্থাৎ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থাকলেও তাঁর নামে প্রচারিত আলোচিত মন্তব্যের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, শেখ হাসিনা দেশে ফিরলে ১৪৪ ধারা জারি ও সেনাবাহিনী মোতায়েনসহ ফাঁ/সি/র রায় কার্যকরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular