Google search engine
HomePoliticsপাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার আনার বিষয়ে শফিকুর রহমানের বক্তব্য দাবিতে সম্পাদিত...

পাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার আনার বিষয়ে শফিকুর রহমানের বক্তব্য দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁর কণ্ঠে বলতে শোনা যায়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার আনা হয়েছিল। আন্দোলন জোরদার করতে জামায়াতের নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছিল বলেও তাঁকে বলতে শোনা যায়। পাশাপাশি, ক্ষমতায় বসে তারেক রহমান মধু খাচ্ছেন এবং জামায়াতের নেতাকর্মীদের চাঁদার ভাগ দিতে হবে, অন্যথায় ১ বিলিয়ন ডলার ফেরত দিতে হবে বলেও অডিওতে উল্লেখ রয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওতে ডা. শফিকুর রহমানের মূল বক্তব্যের অডিও ব্যবহার করা হয়নি। বরং, মূল ভিডিওর অডিও পরিবর্তন করে সেখানে ভিন্ন একটি অডিও যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত বক্তব্যের মূল ভিডিওটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসহ একাধিক গণমাধ্যমে পাওয়া যায়। গত ৬ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তাঁর পুরো বক্তব্য পর্যালোচনা করে আলোচিত অডিওতে শোনা কথাগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ছাড়া, ওই আলোচনা সভা ও সেখানে ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়ে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজেও পোস্ট প্রকাশ করা হয়। সেখানেও আলোচিত বক্তব্যের কোনো উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও পাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার আনার বিষয়ে ডা. শফিকুর রহমান এমন বক্তব্য দিয়েছেন বলে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, পাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার আনার বিষয়ে ডা. শফিকুর রহমানের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটির অডিও সম্পাদিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular