Google search engine
HomeOthersশেখ হাসিনার নতুন পাসপোর্ট আসার দাবিতে ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ পুরোনো পাসপোর্টের ছবি...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট আসার দাবিতে ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ পুরোনো পাসপোর্টের ছবি প্রচার

সম্প্রতি শেখ হাসিনার নতুন পাসপোর্ট চলে এসেছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পাসপোর্টের একটি ছবি প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন। এই খবর প্রকাশের পরই পাসপোর্টের ছবিটি প্রচার করে নতুন পাসপোর্ট ইস্যু হওয়ার দাবি করা হয়।

অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ইস্যু বা হাতে পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রচারিত ছবিটি অন্তত ২০২৪ সাল থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে। ছবিতে থাকা পাসপোর্টটির মেয়াদ ২০২০ সালেই শেষ হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২৪ সালের ২৩ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে শেখ হাসিনার একই পাসপোর্টের ছবি ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা, তাঁর মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের লাল পাসপোর্ট বাতিল করেছে।

প্রচারিত পাসপোর্টের ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, এটি ২০১৫ সালের ১১ অক্টোবর ইস্যু করা হয়েছিল। এর মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২০ সালের ৭ অক্টোবর। পাসপোর্টে ইস্যুকারী কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও কনস্যুলার বিভাগের সচিব মিজানুর রহমানের সিল রয়েছে। অনুসন্ধানে জানা যায়, মিজানুর রহমান ২০১৫ সালের ২৭ আগস্ট সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। একই বছরের নভেম্বরে তাঁকে কানাডায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসব তথ্যও পাসপোর্টটি ২০১৫ সালে ইস্যু হওয়ার সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান কর্মকর্তাদের তালিকায় দ্বিপাক্ষিক অনুবিভাগের দায়িত্বে ড. মুঃ নজরুল ইসলামের নাম রয়েছে। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না।

অর্থাৎ, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ইস্যু বা হাতে পাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি ২০১৫ সালে ইস্যু করা এবং ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া পুরোনো পাসপোর্টের।

সুতরাং, শেখ হাসিনার নতুন পাসপোর্ট চলে এসেছে দাবিতে ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ পুরোনো পাসপোর্টের ছবি প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular