Google search engine
HomePoliticsশেখ হাসিনা ও তারেক রহমানের ফোনালাপের দৃশ্য দাবিতে ড. ইউনূসের সঙ্গে তারেক...

শেখ হাসিনা ও তারেক রহমানের ফোনালাপের দৃশ্য দাবিতে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনালাপের দৃশ্য দাবি করে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে তারেক রহমানকে সালাম জানিয়ে অপর প্রান্তের ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং ধন্যবাদ জানাতে শোনা যায়।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনা ও তারেক রহমানের ফোনালাপের নয়। প্রকৃতপক্ষে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গত বছরের ২৫ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানান তারেক রহমান। আলোচিত ভিডিওটি ওই ফোনালাপেরই দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে ‘UB News’ নামের একটি ইউটিউব চ্যানেলে আলোচিত দাবিতে প্রচারিত কথিত মূল সংবাদ প্রতিবেদনটি পাওয়া যায়। তবে ওই প্রতিবেদনের ৫ মিনিট ১৫ সেকেন্ডের পর বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে বা নির্ভরযোগ্য কোনো তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান এখনো ওই কল রেকর্ডের সত্যতা বা অস্তিত্ব নিশ্চিত করেনি।

অন্যদিকে, যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ২৫ ডিসেম্বর ‘দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে যা বললেন তারেক রহমান’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওতে তারেক রহমানের কথাবার্তা ও দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

এ ছাড়া, ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে একই দিন প্রকাশিত একটি প্রতিবেদনেও সংশ্লিষ্ট ফোনালাপের স্থিরচিত্র পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ১৭ বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন তারেক রহমান।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের কোনো ফোনালাপের নয়। এটি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপের ভিডিও।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের পুরোনো ফোনালাপের ভিডিওকে শেখ হাসিনা ও তারেক রহমানের ফোনালাপের দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular