Google search engine
HomePoliticsএনসিপির সাম্প্রতিক বিক্ষোভের নামে ২০২৫ সালের পুরোনো ভিডিও প্রচার

এনসিপির সাম্প্রতিক বিক্ষোভের নামে ২০২৫ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘BNP Social Force’ নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি গত ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গণবিক্ষোভের দৃশ্য। ভিডিওতে এক তরুণকে আন্দোলনে অংশ নেওয়ার কারণ সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। তাঁর বক্তব্য ব্যবহার করে এনসিপির নেতাকর্মীদের আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে ধারণা নেই—এমন বার্তা ছড়ানো হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ৩০ অক্টোবরের এনসিপির গণবিক্ষোভের নয়। ভিডিওটির মূল সংস্করণ ২০২৫ সালের ১ আগস্ট ‘bangla news and entertainment 24×7 – banglanews24.com ’-এর ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল। সেখানে ‘কেন শাহবাগ অবরোধ করছেন নিজেই জানেন না এই জুলাই যোদ্ধা!’ শিরোনামে ওই তরুণের বক্তব্য তুলে ধরা হয়। অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক বিক্ষোভের প্রায় ১৫ মাস আগের।

সে সময় জুলাই জাতীয় সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে শাহবাগ অবরোধ করেছিলেন ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া আন্দোলনকারীরা। ২০২৫ সালের ৩১ জুলাই শুরু হওয়া ওই কর্মসূচি পরদিনও চলেছিল। সে সময়ের সংবাদ প্রতিবেদনেও এই অবরোধের তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ অনুষ্ঠিত হয় ভিন্ন প্রেক্ষাপটে। স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন, বাকস্বাধীনতাবিরোধী আইন বাতিল এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ চার দফা দাবিতে দলটি কর্মসূচি পালন করে। ২০২৫ সালের ভিডিওতে থাকা তরুণ ওই সমাবেশে অংশ নিয়েছিলেন কিংবা তিনি এনসিপির নেতাকর্মী—এমন প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৫ সালের জুলাই যোদ্ধাদের ভিন্ন কর্মসূচির ভিডিওকে ২০২৬ সালের ৩০ অক্টোবরের এনসিপির গণবিক্ষোভের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে। পুরোনো ভিডিওর প্রকৃত সময় ও প্রেক্ষাপট আড়াল করে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত করার দাবিটি মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular