সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, জাতীয় দৈনিক প্রথম আলোর একটি কপির ওপর পা রেখে হাতে আরেকটি জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকা ধরে রেখেছেন এক ব্যক্তি। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিতে দেখানো দৃশ্যটি বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত ছবিতে দেখানো ঘটনার বিষয়ে জাতীয় গণমাধ্যমসহ নির্ভরযোগ্য কোনো সূত্রে তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি ছবিটি পর্যবেক্ষণ করে কয়েকটি অসংগতি লক্ষ করা যায়। পত্রিকা দুটির লেখাগুলো অস্পষ্ট ও অসংলগ্ন। আমার দেশ পত্রিকার ইয়ারপ্যানেলে ড. মুহাম্মদ ইউনূসের ছবিতেও চেহারাগত অসংগতি রয়েছে। এ ছাড়া পত্রিকার শিরোনাম এবং ছবিতে থাকা ব্যক্তির পায়ের গঠনেও অস্বাভাবিকতা দেখা যায়। এসব অসংগতি এআই দিয়ে তৈরি ছবিতে প্রায়ই দেখা যায়।
ছবিটির উৎস যাচাইয়ে আরও দেখা যায়, ওপেনএআইয়ের এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে বলে শনাক্ত হয়েছে। পাশাপাশি, এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের বিশ্লেষণেও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল পাওয়া গেছে।
সুতরাং, প্রথম আলোর ওপর পা রেখে হাতে আমার দেশ পত্রিকা ধরে রাখার দৃশ্যটি বাস্তব ঘটনার ছবি নয়; এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করে প্রচার করা হয়েছে।

