সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, বেলুচিস্তানের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরা চাই না বেলুচিস্তান স্বাধীন হোক। কারণ সেই দেশের মানুষ শেখ মুজিবের নামে স্লোগান দেয়, কিন্তু জিয়াউর রহমানকে চেনে না।”
অনুসন্ধানে দেখা যায়, সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ, বক্তব্য, ভিডিও বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে প্রমাণ পাওয়া যায়নি। এমনকি তার ভেরিফায়েড ফেসবুক পেজেও এ ধরনের কোনো বক্তব্য বা পোস্টের অস্তিত্ব মেলেনি।
পরবর্তীতে দাবিটির উৎস অনুসন্ধান করে দেখা যায়, গত ১৯ জুলাই ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথমে আলোচিত দাবিটি প্রচার করা হয়। পেজটির পরিচিতিতে নিজেকে সার্কাজম পেজ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, পেজটিতে একই ধরনের একাধিক ব্যঙ্গাত্মক পোস্টও পাওয়া যায়। ফলে আলোচিত পোস্টটি ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে প্রকাশিত হলেও পরবর্তী সময়ে সেটিকেই বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
সুতরাং, বেলুচিস্তান প্রসঙ্গে ‘আমরা চাই না বেলুচিস্তান স্বাধীন হোক, কারণ তারা শেখ মুজিবের নামে স্লোগান দেয়’— সালাহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

