বন্যা ও বৈরী আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর কথিত বিরূপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন চলছে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হয়, তিনি বলেছেন—‘আজ থেকে রাস্তা অবরোধ করা পরিপূর্ণ বন্ধ। যারা রাস্তায় নামবে, তাদের জন্য কঠোর আইন প্রয়োগ করা হবে।’
তবে অনুসন্ধানে দেখা গেছে, শিক্ষার্থীদের আন্দোলন বা রাস্তা অবরোধ বন্ধের বিষয়ে সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র বা প্রমাণ ছাড়াই বক্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
আলোচিত ফটোকার্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো পর্যালোচনা করেও দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেছেন, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে আরও অনুসন্ধানে সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্য ও সাক্ষাৎকার, তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য পর্যালোচনা করা হলেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে, দেশের কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমেও তার এমন বক্তব্যের সংবাদ প্রকাশিত হয়নি।

