Google search engine
HomePolitics“বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন” শীর্ষক মন্তব্য থালাপতি বিজয় করেছেন বলে...

“বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন” শীর্ষক মন্তব্য থালাপতি বিজয় করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়–এর ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি নাকি বলেছেন— “বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন।” বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী এটিকে বাস্তব সরকারি ঘোষণা বা রাজনৈতিক অবস্থান হিসেবে প্রচার করতে থাকেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, থালাপতি বিজয় এ ধরনের কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো ভারতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যম, সরকারি সূত্র কিংবা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সাধারণত একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বা জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসানীতি নিয়ে এমন মন্তব্য করলে তা তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হতো। কিন্তু এ বিষয়ে কোথাও কোনো নির্ভরযোগ্য তথ্যের অস্তিত্ব মেলেনি।

এছাড়া থালাপতি বিজয়ের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অফিসিয়াল যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করেও এ ধরনের কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। বরং অনুসন্ধানে দেখা যায়, দাবিটির সূত্রপাত “Janina Television” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে। পেজটি গত ৬ মে বিনোদনমূলক ও ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে আলোচিত ফটোকার্ডটি পোস্ট করে। পরবর্তী সময়ে সেটি স্ক্রিনশট আকারে প্রসঙ্গহীনভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটিকে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করতে শুরু করেন।

অর্থাৎ, ব্যঙ্গাত্মক বা বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি পোস্টকে বাস্তব রাজনৈতিক ঘোষণা হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের সার্কাজম পোস্ট যাচাই ছাড়া প্রচার করলে জনমনে ভুল ধারণা তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

সুতরাং, “বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন” শীর্ষক মন্তব্য থালাপতি বিজয় করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular