সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে—“পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”
তথ্য যাচাই করে দেখা গেছে, আইজিপি এই ধরনের কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবিটি মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে উদ্ভূত এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ঘটনা হিসেবে প্রচারিত হয়েছে।
ফটোকার্ড ও প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান করেও এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা গণমাধ্যম প্রতিবেদন পাওয়া যায়নি যা দাবিটিকে সমর্থন করে। ফটোকার্ডে ব্যবহার হওয়া আইজিপির ছবির উৎস খুঁজে দেখা যায়, এটি মূলত ২৭ মার্চ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং থেকে নেওয়া। ব্রিফিংয়ে আইজিপি জানান, ৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ মারা গেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে; কিন্তু দাবিতে উল্লেখিত কোনো মন্তব্য তিনি দেননি।
সুতরাং, আইজিপি মো. আলী হোসেন ফকিরকে জড়িয়ে প্রচারিত এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

