সম্প্রতি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারটি এমন এক সময়ে ছড়িয়ে পড়ে, যখন গত ২৫ জুলাই রাতে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি ২৫ জুলাইয়ের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের অক্টোবর মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডের দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ২০২৫ সালের ১৮ অক্টোবর প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে সম্প্রতি প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
পরবর্তীতে, উক্ত ভিডিওর প্রেক্ষাপট এবং সে সময়ের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, ভিডিওটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত বড় অগ্নিকাণ্ডের। ওই ঘটনায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয় এবং ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অর্থাৎ, ২৫ জুলাই শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভয়াবহ আগুনের ভিডিওটি ওই ঘটনার নয়। পুরোনো একটি অগ্নিকাণ্ডের ভিডিওকে সাম্প্রতিক ঘটনার সঙ্গে জুড়ে প্রচার করা হয়েছে।

