সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে পরদিন থেকে দেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে। ভিডিওটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ও সংবাদ পাঠিকার কণ্ঠ ব্যবহার করা হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এতে পুরোনো সংবাদকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এর দৃশ্য ও অডিও একই সংবাদ প্রতিবেদন থেকে নেওয়া হয়নি। পুরোনো দুটি পৃথক সংবাদ প্রতিবেদনের ভিডিও ও অডিও সম্পাদনার মাধ্যমে নতুন একটি বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ব্যবহৃত দৃশ্যের সঙ্গে ২০২৪ সালের একটি পুরোনো সংবাদ প্রতিবেদনের মিল রয়েছে। তবে সেই প্রতিবেদনের মূল অডিওর পরিবর্তে ভিন্ন একটি সংবাদ প্রতিবেদনের অডিও যুক্ত করা হয়েছে। ফলে পুরোনো ঘটনাকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে প্রচার করা হয়েছে।
এছাড়া, চলমান বন্যার কারণে দেশের সব পোশাক কারখানা বন্ধের বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদনও পাওয়া যায়নি।
সব মিলিয়ে, বন্যার কারণে দেশের সব পোশাক কারখানা বন্ধের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো সংবাদ সম্পাদনা করে তৈরি করা হয়েছে। তাই দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

