সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয় পাওয়ার পর স্পেনের ফুটবলার লামিন ইয়ামাল ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে উদযাপন করেছেন। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়।
ভিডিওটির উৎস ও দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রেও এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।
ভিডিওটির ভিজ্যুয়াল বিশ্লেষণে কৃত্রিমভাবে তৈরি কনটেন্টের বেশ কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’-এ ভিডিওটি পরীক্ষা করেও এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ দশমিক ২ শতাংশ পাওয়া যায়।
সব মিলিয়ে, ফিলিস্তিনের পতাকা হাতে লামিন ইয়ামালের সেমিফাইনাল জয় উদযাপনের দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।

