
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ঢাকায় একটি এলইডি বিলবোর্ডে সনাতন ধর্মাবলম্বীদের গরু খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছে। ভিডিওটিতে “রানা ফার্মেসী”-এর ওপর একটি লাল এলইডি সাইনবোর্ডে এই লেখাটি স্ক্রল করতে দেখা যায়।
মূলত এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। সরেজমিনে মিরপুরের উত্তর পীরেরবাগে অবস্থিত উক্ত রানা ফার্মেসীতে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে ওই ফার্মেসীটির ওপরে এমন কোনো এলইডি সাইনবোর্ড নেই এবং ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখানো তথ্যটি সম্পূর্ণ বিকৃত।
ফার্মেসী কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, ভিডিওতে যে এলইডি সাইনবোর্ডটি দেখা যাচ্ছে তা মূলত ৫ মাস আগের। এটি রানা ফার্মেসীর বিভিন্ন ঔষধের বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত হতো। কারিগরি ত্রুটির কারণে ৫ মাস আগেই সাইনবোর্ডটি সেখান থেকে সম্পূর্ণ খুলে ফেলা হয়েছে। সাধারণ সচেতন নেটিজেনরাও ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা যাচাই করেছেন এবং বর্তমানে সেখানে কোনো সাইনবোর্ড না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুতরাং, এটি স্পষ্টভাবে প্রমাণিত যে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার হীন উদ্দেশ্যে পুরানো কোনো সাইনবোর্ডের ভিডিও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এডিট করে এই মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অনলাইনে যেকোনো স্পর্শকাতর বা উস্কানিমূলক তথ্য দেখার পর শেয়ার করার আগে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।

