
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’ একটি ফটোকার্ড প্রকাশ করে দাবি করে, বাংলাদেশে ভাইরাল হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফটোকার্ডে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের একটি কথিত পোস্টের স্ক্রিনশট যুক্ত করা হয়। সেখানে দাবি করা হয়, ট্রাম্প বাংলাদেশি মহিষটিকে নিয়ে মজার মন্তব্য করেছেন এবং রয়টার্সের একটি প্রতিবেদন শেয়ার করেছেন।
তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি সঠিক নয়।
ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল কিংবা এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি। ভাইরাল স্ক্রিনশটে ব্যবহৃত প্রোফাইল ছবির সঙ্গেও ট্রাম্পের অফিসিয়াল ট্রুথ সোশ্যাল প্রোফাইলের মিল নেই।
এছাড়া, এমন পোস্ট সত্য হলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার কথা থাকলেও নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের একটি খামারের বিরল প্রজাতির একটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চুল ও চেহারার মিল থাকায় খামারি মহিষটির নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে মহিষটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
ফ্যাক্টচেক Verdict: ভাইরাল দাবিটি মিথ্যা।

