সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের চলমান অস্থিরতার মধ্যে পাহাড়ি সশস্ত্রগোষ্ঠীগুলো ভারী অস্ত্র ব্যবহার করে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Rangpur Edition’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত ভিডিওটিতে সামরিক পোশাক পরা কয়েকজন ব্যক্তিকে অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। ভিডিওটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক ঘটনার দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
তবে তথ্য যাচাই করে দেখা যায়, প্রচারিত ভিডিওটি পার্বত্য চট্টগ্রাম কিংবা সাজেকের কোনো সশস্ত্রগোষ্ঠীর সাম্প্রতিক অভিযানের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি অন্তত ২০২১ সালের নভেম্বর থেকে নাইজেরিয়ার একটি সামরিক অভিযানসংক্রান্ত ঘটনার বিবরণ দিয়ে অনলাইনে প্রচারিত হয়ে আসছে।
অনুসন্ধানে দেখা যায়, ২০২১ সালের ১ নভেম্বর নাইজেরিয়ার ‘Amokwe Community TV’ নামের একটি ফেসবুক পেজে একই ভিডিওর দীর্ঘ সংস্করণ প্রকাশ করা হয়। সেখানে ভিডিওটি দেশটির এনুগু রাজ্যের আওগু এলাকার এমগবোও অঞ্চলে সামরিক অভিযানের দৃশ্য হিসেবে দাবি করা হয়েছিল। পরদিন নাইজেরীয় সংবাদমাধ্যমেও একই ধরনের ফুটেজ প্রকাশিত হয়। তবে নাইজেরিয়ার সেনাবাহিনী ভিডিওটি তাদের অভিযানের প্রকৃত দৃশ্য কি না, তা নিয়ে আপত্তি জানিয়েছিল। ফলে ভিডিওটির সুনির্দিষ্ট স্থান ও ধারণকারীর পরিচয় পুরোপুরি নিশ্চিত নয়।
এ ছাড়া ২০২১ সালের ২ নভেম্বর ইউটিউবে প্রকাশিত একই দৃশ্যের ভিডিওর সঙ্গে বর্তমানে প্রচারিত ফুটেজের অস্ত্রধারী ব্যক্তি, পোশাক, অবস্থান ও আশপাশের পরিবেশের মিল পাওয়া যায়। এসব প্রমাণ নিশ্চিত করে, ভিডিওটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক কোনো ঘটনার নয়।
অর্থাৎ, কয়েক বছর আগে নাইজেরিয়ার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত পুরোনো ভিডিওকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্রগোষ্ঠীর অভিযান ও এলাকা দখলের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সংঘাতের কোনো প্রমাণিত সম্পর্ক নেই। ফলে প্রচারিত দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।
#FactReview #FactCheck #পার্বত্যচট্টগ্রাম #সাজেক #ভুয়াভিডিও #অপতথ্য #বিভ্রান্তিকরপ্রচার #তথ্যযাচাই #ChittagongHillTracts #Misinformation

