Google search engine
HomeOthersনেইমারের ভিন্ন ঘটনার একটি পুরোনো ভিডিওকে সম্পাদনার মাধ্যমে নতুন প্রেক্ষাপটে উপস্থাপন করে...

নেইমারের ভিন্ন ঘটনার একটি পুরোনো ভিডিওকে সম্পাদনার মাধ্যমে নতুন প্রেক্ষাপটে উপস্থাপন করে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেওয়ার দাবি প্রচার করা হয়েছে। 

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবেগঘন ভিডিওবার্তা দিয়েছেন—এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির উপস্থাপক দাবি করেন, নেইমার ওই বার্তায় বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ, তোমাদের ভালোবাসি, আমি কখনো ভুলব না। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও তোমরা যেভাবে ব্রাজিলকে হৃদয়ে ধারণ করো, সেটা আমাদের জন্য অনেক বড় শক্তি…” একইসঙ্গে বাংলাদেশি সমর্থকদের ব্রাজিলের পাশে থাকার আহ্বান জানিয়ে তাদের ‘পরিবারের অংশ’ বলেও নেইমার উল্লেখ করেছেন বলে দাবি করা হয়।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে নেইমারের কোনো বক্তব্যের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, নেইমারের পুরোনো একটি ভিডিওর অংশবিশেষের সঙ্গে তার বিভিন্ন ছবি যুক্ত করে সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক ও দেশীয় কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে নেইমারের এমন কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে, ভিডিওটিতে ব্যবহৃত ফুটেজের সূত্র অনুসন্ধান করে নেইমারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত একই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়।

মূল ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে নেইমার বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কোনো বক্তব্য দেননি। বরং, ভিডিওটিতে তিনি তার প্রতিষ্ঠিত Instituto Neymar Jr.-এর চতুর্থ চ্যারিটি নিলাম অনুষ্ঠানের ঘোষণা দেন। তিনি জানান, অনুষ্ঠানটি ৩ জুন সাও পাওলোর Clube Monte Líbano-এ অনুষ্ঠিত হবে এবং এটি স্পনসর ও আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত হবে। ভিডিওর শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে “Together we are stronger” বলেন এবং বিস্তারিত তথ্যের জন্য নির্দিষ্ট একটি ই-মেইল ঠিকানায় যোগাযোগের আহ্বান জানান।

অর্থাৎ, নেইমারের ভিন্ন ঘটনার একটি পুরোনো ভিডিওকে সম্পাদনার মাধ্যমে নতুন প্রেক্ষাপটে উপস্থাপন করে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেওয়ার দাবি প্রচার করা হয়েছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular