আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন—এমন তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পোস্টার হাতে নিয়ে বলছেন, “Sheikh Hasina will visit Bangladesh in December.”
তবে অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পক্ষে ট্রাম্পের সমর্থন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিপফেক প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।
ভিডিওটির সত্যতা যাচাই করতে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম, নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সংশ্লিষ্ট কোনো সূত্রে ট্রাম্পের এমন মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটি পর্যবেক্ষণ করেও ট্রাম্পের মুখভঙ্গি, অঙ্গভঙ্গি, কণ্ঠস্বর এবং পারিপার্শ্বিক দৃশ্যে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়, যা কৃত্রিমভাবে তৈরি ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য।
পরবর্তীতে, এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation-এ ভিডিওটি বিশ্লেষণ করা হলে, সেটি এআই-জেনারেটেড হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে শনাক্ত হয়। অর্থাৎ, ট্রাম্পের একটি ছবি বা ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সম্পাদনা করে তার মুখে কাল্পনিক বক্তব্য বসানো হয়েছে।
সুতরাং, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পক্ষে ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানিয়েছেন—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়; এটি ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি এআই-জেনারেটেড ভুয়া ভিডিও।

