গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে বিজিবির গুলিতে একজন নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোতে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
২২ নভেম্বর ২০২৬ বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেন। এ সময় গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও দুপুর ১২টার দিকে তা স্বাভাবিক হয়।
অন্যদিকে, একই দিন দুপুরে শ্রীপুর পৌর শহরের চৌরাস্তায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিপেটায় কয়েকজন শ্রমিক আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে এ সংঘর্ষের সঙ্গে বিজিবির গুলির কোনো সম্পর্কের তথ্য পাওয়া যায়নি।
প্রকাশিত প্রতিবেদনগুলোতে বিজিবি সদস্যদের মোতায়েন থাকার কথা থাকলেও তাঁদের গুলিতে কেউ নিহত বা অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার কোনো তথ্য নেই। বরং মহাসড়কে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।
সুতরাং, গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিকদের ওপর বিজিবির গুলিতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

