সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ‘শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরে আসার আগে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ করছি। কারণ দেশের অধিকাংশ জনগণ আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে আছে। সবাই যখন বলতেছে আগেই ভালো ছিলাম তাহলে নিশ্চয় এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে অনলাইন নিউজ প্ল্যাটফর্ম ‘Bangla FM’-এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, আখতার হোসেন এমন কোনো মন্তব্য করেননি। পাশাপাশি, ‘Bangla FM’-ও আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, প্ল্যাটফর্মটির প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ডের শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে ‘Bangla FM’-এর ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত ফটোকার্ডটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ ছাড়া, আখতার হোসেনের এমন বক্তব্যের সমর্থনে অন্য কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমেও তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘Bangla FM’-এর প্রকৃত ফটোকার্ডের ডিজাইন ও লোগো ব্যবহার করে শিরোনাম পরিবর্তনের মাধ্যমে আখতার হোসেনের নামে একটি ভুয়া মন্তব্য তৈরি করা হয়েছে এবং তা ওই সংবাদমাধ্যমের প্রকাশিত ফটোকার্ড হিসেবে প্রচার করা হচ্ছে।

