সম্প্রতি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে তাঁর মুখপাত্রের বরাতে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এ খবরের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নামে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, ‘শেখ হাসিনাকে গ্রেপ্তার করলে দেশে যুদ্ধ শুরু হবে, এবং সেই যুদ্ধে হেসেখেলে জয়লাভ করবে আওয়ামী লীগ, কারণ জনগণ আওয়ামী লীগের পক্ষে থাকবে।’
তবে অনুসন্ধানে দেখা যায়, এম সাখাওয়াত হোসেনের নামে প্রচারিত বক্তব্যটি সত্য নয়। প্রকৃতপক্ষে, তিনি এমন কোনো বক্তব্য দিয়েছেন, এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাঁর নাম ও ছবি ব্যবহার করে কোনো সূত্র বা প্রেক্ষাপট ছাড়াই বক্তব্যটি ফটোকার্ড আকারে প্রচার করা হচ্ছে।
আলোচিত ফটোকার্ডে এম সাখাওয়াত হোসেনের নাম ও ছবি থাকলেও তিনি কবে, কোথায় কিংবা কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। বক্তব্যটির পক্ষে কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন, ভিডিও বা নির্ভরযোগ্য সূত্রও ফটোকার্ডে দেওয়া হয়নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে তাঁর এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে কেবল নাম ও ছবি ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটিকে তাঁর প্রকৃত বক্তব্য হিসেবে গ্রহণের কোনো ভিত্তি নেই।
সুতরাং, শেখ হাসিনাকে গ্রেপ্তার করলে দেশে যুদ্ধ শুরু হবে এবং সেই যুদ্ধে আওয়ামী লীগ জয়লাভ করবে, এম সাখাওয়াত হোসেনের নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা।

