Google search engine
HomeOthersগোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলার দাবিতে সুনামগঞ্জের পুরোনো ভিডিও প্রচার

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলার দাবিতে সুনামগঞ্জের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বাড়িতে হামলার ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ‘গোপালগঞ্জে হাতে দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়ি রক্ষা করছেন বিএনপি নেতার স্ত্রী’। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি গোপালগঞ্জের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি গত ২৫ মার্চ সুনামগঞ্জে চুরির অভিযোগে আলী হোসেন ও তারেক মিয়ার বাড়িতে হামলার পুরোনো দৃশ্য।

আলোচিত ভিডিওটির সূত্র অনুসন্ধানে ‘নিউজ১০’ নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে গত ২৫ মার্চ প্রকাশিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘চুরির অভিযোগ ঘিরে সুনামগঞ্জে বাড়ি ভাঙচুর ও লুটপাট’। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে বর্তমানে গোপালগঞ্জের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ ছাড়া, অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলানিউজ২৪’-এর ওয়েবসাইটে গত ২৫ মার্চ ‘সুনামগঞ্জে গরু চুরির অভিযোগে ঘর ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির সঙ্গে যুক্ত কোলাজ ছবির একটি দৃশ্যের সঙ্গেও আলোচিত ভিডিওর মিল রয়েছে।

‘বাংলানিউজ২৪’-এর প্রতিবেদন অনুযায়ী, সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে গত ২৫ মার্চ দুপুর ১২টার দিকে আব্দুল খালিকের ছেলে আলী হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, আলী হোসেনসহ ৭ থেকে ৮ জন নিয়মিত চুরির সঙ্গে জড়িত ছিলেন। হামলার সময় আলী হোসেনের মেয়ে এবং তারেক মিয়ার স্ত্রী দা হাতে গ্রামবাসীর দিকে তেড়ে যান। তখন তাঁর কোলে একটি শিশুসন্তান ছিল। একপর্যায়ে গ্রামবাসী বাড়িটি ভাঙচুর ও লুটপাট করেন।

একই ঘটনা নিয়ে জাতীয় দৈনিক প্রথম আলোতেও গত ২৫ মার্চ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ মার্চ রাতে উত্তর কুর্শি গ্রামের দোলন মিয়ার বাড়িতে গরু চুরির সময় পাশের মইনপুর গ্রামের সাইফুল ইসলামকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যান। পরদিন ২৫ মার্চ সকালে মোহাম্মদগঞ্জ বাজারে এ ঘটনা নিয়ে স্থানীয়দের বৈঠক হয়। সেখানে সাইফুল তাঁর সঙ্গে মইনপুরের আবু হানিফা এবং দক্ষিণ কুর্শির আলী হোসেন ও তারেক মিয়া জড়িত ছিলেন বলে স্বীকার করেন। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের সিদ্ধান্তের পর উত্তেজিত লোকজন আলী হোসেন ও তারেক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। দুটি ঘর পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, আলোচিত ভিডিওতে শিশুসন্তান কোলে নিয়ে দা হাতে বাড়ি রক্ষার চেষ্টা করতে দেখা যাওয়া নারী তারেক মিয়ার স্ত্রী। অর্থাৎ, ভিডিওটি সুনামগঞ্জে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে বাড়িতে হামলার ঘটনার, গোপালগঞ্জে কোনো বিএনপি নেতার বাড়ি রক্ষার দৃশ্য নয়।

সুতরাং, সুনামগঞ্জে চুরির অভিযোগে বাড়িতে হামলার পুরোনো ভিডিওকে গোপালগঞ্জে বিএনপি নেতার স্ত্রীর দেশীয় অস্ত্র হাতে বসতবাড়ি রক্ষার দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular