সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘David Arif’ নামের একটি ফেসবুক আইডিসহ বিভিন্ন পেজ থেকে দাবি করা হচ্ছে, গাজীপুরে এলিট গার্মেন্টসের শ্রমিকদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। এতে একজন নারী শ্রমিক নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তবে প্রাপ্ত তথ্য ও সংবাদ প্রতিবেদন দাবিটির সত্যতা সমর্থন করে না।
নিহত নারী শ্রমিকের স্বজনদের বক্তব্যের বরাতে মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারী পুলিশের গুলিতে নিহত হননি; স্বজনদের ভাষ্যমতে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তাঁর মৃত্যুর সঙ্গে পুলিশের গুলিবর্ষণের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে গাজীপুরের ভোগড়া এলাকায় ফিন বাংলা অ্যাপারেলসের নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে বিক্ষোভও হয়। তবে ২৪ নভেম্বর রাতে দিলরুবা নিজেই গাছা থানায় উপস্থিত হয়ে জানান, তিনি জীবিত ও সুস্থ আছেন। এ ঘটনায় মৃত্যুর দাবিটি যে গুজব ছিল, তা নিশ্চিত হয়।

