Google search engine
HomeOthersপিলখানার গেটে ১৭ বছর ধরে স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষার দাবিটি মিথ্যা

পিলখানার গেটে ১৭ বছর ধরে স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষার দাবিটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে নিহত এক সদস্যের স্ত্রীকে ঘিরে একটি আবেগঘন গল্প প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়, বিয়ের মাত্র এক সপ্তাহ পর স্বামীর সঙ্গে কক্সবাজারে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এক নারী। সে অনুযায়ী স্বামীর ছুটিও অনুমোদিত হয়েছিল। পরিকল্পনা ছিল, স্ত্রী লাগেজ নিয়ে পিলখানার গেটে অপেক্ষা করবেন এবং ডিউটি শেষে স্বামী ইউনিফর্ম পরিবর্তন করে সেখানে এসে তাঁকে নিয়ে সরাসরি বাসস্ট্যান্ডে যাবেন। কিন্তু বিডিআর বিদ্রোহে স্বামীর মৃত্যু হওয়ায় সেই যাত্রা আর হয়নি। এরপর থেকে ১৭ বছর ধরে ওই নারী প্রতিদিন লাগেজ নিয়ে পিলখানার গেটে স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন বলে গল্পটিতে দাবি করা হয়েছে। একই ধরনের দাবি নিয়ে গণমাধ্যম ‘চ্যানেল আই’-এর ফেসবুক পেজেও পোস্ট প্রকাশ করা হয়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত গল্পটির সঙ্গে বাস্তবতার মিল নেই। প্রকৃতপক্ষে, পিলখানার গেটে অপেক্ষারত ওই নারী কখনো বিয়ে করেননি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। পিলখানার একজন কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন বাসিন্দাও একই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে পিলখানার এক কর্মকর্তা এবং স্থানীয় কয়েকজন জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তাঁর সঙ্গে বিডিআর বিদ্রোহে নিহত কোনো সদস্যের বৈবাহিক সম্পর্ক ছিল না। ফলে বিয়ের এক সপ্তাহ পর স্বামীর সঙ্গে কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা এবং ১৭ বছর ধরে স্বামীর অপেক্ষায় পিলখানার গেটে দাঁড়িয়ে থাকার গল্পটি বাস্তব ঘটনা নয়।

অর্থাৎ, ওই নারীকে ঘিরে প্রচারিত আবেগঘন গল্পটির পক্ষে কোনো বাস্তব ভিত্তি নেই। বরং তাঁর ব্যক্তিগত পরিস্থিতিকে একটি কাল্পনিক ঘটনার সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

সুতরাং, পিলখানার গেটে ১৭ বছর ধরে বিডিআর বিদ্রোহে নিহত স্বামীর জন্য এক স্ত্রীর অপেক্ষার গল্পটি মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular