বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতায় ২০২৬ সালে অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নোটিশ প্রচার করা হচ্ছে। নোটিশটিতে ৮ নভেম্বর প্রকাশের তারিখ উল্লেখ রয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে প্রচারিত নোটিশটি আসল নয়। বিএডিসি এ ধরনের কোনো নোটিশ প্রকাশ করেনি। বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভুয়া নোটিশকে আসল হিসেবে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৮ নভেম্বর প্রকাশিত একটি নোটিশ পাওয়া যায়। তবে সেটি আইসি-২ শাখার একটি সভা সংক্রান্ত নোটিশ। এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সার ডিলার নিয়োগ বাতিলের নোটিশের কোনো মিল নেই। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সার ডিলার নিয়োগ বাতিলের কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ নভেম্বর প্রকাশিত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি পাওয়া যায়। সেখানে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া, সার ডিলার নিয়োগ বাতিলের দাবিটি মিথ্যা উল্লেখ করে বাংলানিউজ২৪, প্রথম আলো ও ঢাকা পোস্টসহ একাধিক গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সুতরাং, বিএডিসির ২০২৬ সালের সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে দাবিতে প্রচারিত নোটিশটি ভুয়া। কৃষি মন্ত্রণালয়ও এ তথ্যকে মিথ্যা বলে সতর্ক করেছে।

