সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহর নামে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “জামাতি বন্ধুরা রাগ করো না, তোমাদের আমির এতই মেয়ে পাগল, ছেলেদের বলে তোমরা দূরে সরো, মেয়েদের বলে তোমরা কাছে আসো।”
অনুসন্ধানে দেখা যায়, শায়খ আহমাদুল্লাহ এমন কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তাঁর কণ্ঠ ও পরিচয় ব্যবহার করে ভুয়া বক্তব্যসংবলিত ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমালোচনায় শায়খ আহমাদুল্লাহর নামে এর আগেও একাধিক আপত্তিকর বক্তব্যসংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। ভিডিওটির অডিও বিশ্লেষণেও কৃত্রিমতার প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, শায়খ আহমাদুল্লাহর নামে প্রচারিত আলোচিত বক্তব্যটির কোনো নির্ভরযোগ্য উৎস, মূল ভিডিও বা গণমাধ্যমে প্রকাশিত তথ্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য হিসেবে প্রচারিত ভিডিওটির সত্যতা প্রতিষ্ঠার মতো কোনো প্রমাণও পাওয়া যায়নি।
অর্থাৎ, জামায়াতের আমিরকে নিয়ে শায়খ আহমাদুল্লাহর নামে প্রচারিত বক্তব্যটি তাঁর প্রকৃত বক্তব্য নয়। তাঁর পরিচয় ও কণ্ঠ ব্যবহার করে তৈরি এআই ভিডিওর মাধ্যমে এটি ছড়ানো হয়েছে।

