পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সেনাসদস্যের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, শ্রমিকদের ওপর নির্যাতন করতে অস্বীকৃতি জানিয়ে তিনি পদত্যাগ করেছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “রিজাইন দিলাম, শ্রমিক ভাইদের ওপর জুলুম করতে পারব না।” তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি কোনো সেনাসদস্যের বাস্তব বক্তব্যের দৃশ্য নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে এটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওতে বেশ কিছু অসংগতি রয়েছে। ভিডিওতে সেনাসদস্যের কথা বলার ধরন, মুখভঙ্গি ও কান্নার অভিব্যক্তিতে অস্বাভাবিকতা লক্ষ করা যায়। এ ছাড়া ভিডিওর পেছনের দৃশ্যের লেখায় বানানগত ভুল এবং সেনাসদস্যের নামের বানানেও বিকৃতি রয়েছে। এসব অসংগতি ভিডিওটির কৃত্রিমভাবে তৈরি হওয়ার সন্দেহকে জোরালো করে।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে এর কয়েকটি ফ্রেম এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে ফ্রেমগুলো এআই প্রযুক্তির সাহায্যে তৈরি হওয়ার পক্ষে প্রায় ৮৭ শতাংশ কনফিডেন্স স্কোর পাওয়া যায়।
অন্যদিকে, আলোচিত বক্তব্যের সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ ও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও কোনো সেনাসদস্যের এমন বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। মূলধারার কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রেও এ ধরনের পদত্যাগের ঘটনা বা বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিডিওতে একজন সেনাসদস্যকে শ্রমিকদের ওপর জুলুম করতে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগের কথা বলতে দেখা গেলেও এর পক্ষে বাস্তব কোনো ঘটনার প্রমাণ নেই। বরং ভিডিওর দৃশ্যগত অসংগতি ও এআই শনাক্তকরণ পরীক্ষার ফলাফল এটিকে কৃত্রিমভাবে তৈরি ভিডিও হিসেবে চিহ্নিত করে।
সুতরাং, পোশাকশ্রমিকদের ওপর জুলুম করতে অস্বীকৃতি জানিয়ে এক সেনাসদস্যের পদত্যাগের দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। ভিডিওটিকে বাস্তব সেনাসদস্যের বক্তব্য ও পদত্যাগের ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

