সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ২০২৪ সালের জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রচারিত ভিডিওটি মূলত সেই ভাষণেরই দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ২৪ জুন দেশীয় গণমাধ্যম ATN NEWS-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একই ঘটনার ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকেও নিশ্চিত হওয়া যায়, সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পাওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
উল্লেখ্য, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফলে তাঁর দেশে ফেরার প্রসঙ্গে ওই সময় সেনাপ্রধানের এমন বক্তব্য দেওয়ার দাবির কোনো যৌক্তিক ভিত্তি নেই।
এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেও সাম্প্রতিক সময়ে জাতির উদ্দেশে সেনাপ্রধানের ভাষণ দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৪ সালের জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া পুরোনো ভাষণের ভিডিওকে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তাঁর সাম্প্রতিক বক্তব্য দাবি করে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

