নি/ষি/দ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রেক্ষাপটে ‘আমাদের ধর্মঘট কর্মসূচি ও হরতাল চলমান’ ক্যাপশনে রেলপথ অবরোধের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ১০ নভেম্বরের নয় এবং ছাত্রলীগের ধর্মঘটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয়দের রেলপথ অবরোধের দৃশ্য এটি।
এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে গত ৮ নভেম্বর প্রকাশিত একই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধের ঘটনা এটি।
এ ছাড়া, জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে স্থানীয়রা ৮ নভেম্বর সকালে রেল ও সড়কপথ অবরোধ করেন। প্রায় চার ঘণ্টা অবরোধের পর দাবি পূরণের আশ্বাসে আন্দোলনকারীরা তিন দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।
অর্থাৎ, ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধের ঘটনাটি স্থানীয়দের একটি দাবিকেন্দ্রিক কর্মসূচি। এর সঙ্গে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কোনো সম্পর্ক নেই।
সুতরাং, নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয়দের রেলপথ অবরোধের পুরোনো ভিডিওকে ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

