Google search engine
HomeOthersমিরপুরে যুব মহিলা লীগ নেত্রীকে নি`র্যা`তনের দাবিতে এআই-ব্যবহৃত ছবি প্রচার

মিরপুরে যুব মহিলা লীগ নেত্রীকে নি`র্যা`তনের দাবিতে এআই-ব্যবহৃত ছবি প্রচার

ঢাকার মিরপুরে বাসায় ঢুকে যুব মহিলা লীগের এক নেত্রীকে নি`র্যা`তনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর পিঠে আঘাতের চিহ্নযুক্ত একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবির সঙ্গে দাবি করা হচ্ছে, ওই নারীর নাম শ্রীময়ী রীতা রানী। তিনি মিরপুর থানা যুব মহিলা লীগের নেত্রী হওয়ায় এবং আওয়ামী লীগের রাজনীতি করার কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা ফিরোজের নেতৃত্বে তাঁকে নি`র্যা`তন করা হয়েছে। এ ছাড়া, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁকে সহযোগিতা করেনি বলেও পোস্টগুলোতে দাবি করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, আলোচিত নির্যাতনের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং প্রচারিত ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি, পুলিশ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা বা অভিযোগের তথ্য তাদের কাছে নেই।

এ বিষয়ে ৬ নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল এবং হাইভ মডারেশন ব্যবহার করা হয়। এসব টুলের মাধ্যমে ছবিটিতে এআই ব্যবহারের তথ্য পাওয়া যায়। তবে পুরো ছবিটি এআই দিয়ে তৈরি, নাকি আগে থেকে থাকা কোনো ছবি এআই দিয়ে সম্পাদনা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনটিতে আরও জানা যায়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানিয়েছেন, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং এ ধরনের অভিযোগ নিয়ে কোনো নারী থানায় আসেননি। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারও জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এ ধরনের ঘটনা বা অভিযোগের তথ্য পাওয়া যায়নি। এমনকি পোস্টে উল্লেখ করা শ্রীময়ী রীতা রানী নামের কোনো নারীর পরিচয় বা ঠিকানাও শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ছাড়া, পোস্টে নি`র্যা`তনের জন্য দায়ী হিসেবে উল্লেখ করা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ প্রথম আলোকে জানিয়েছেন, তিনি ওই নারীকে চেনেন না এবং এ ধরনের কোনো ঘটনার সঙ্গেও তিনি জড়িত নন। অন্যদিকে, যুব মহিলা লীগের একাধিক সূত্র জানিয়েছে, সংগঠনটিতে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই।

অর্থাৎ, মিরপুরে যুব মহিলা লীগ নেত্রীকে নি`র্যা`তনের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং দাবির সঙ্গে প্রচারিত ছবিটিতে এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশও এমন কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।

সুতরাং, মিরপুরে যুব মহিলা লীগ নেত্রী শ্রীময়ী রীতা রানীকে স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে নি`র্যা`তনের দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ দাবির পক্ষে প্রচারিত ছবিটিতে এআই ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular