Google search engine
HomeOthersপোশাকশ্রমিকদের আন্দোলনের ভিডিওকে ভারতবিরোধী বিক্ষোভের দৃশ্য দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

পোশাকশ্রমিকদের আন্দোলনের ভিডিওকে ভারতবিরোধী বিক্ষোভের দৃশ্য দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

সম্প্রতি বাংলাদেশে ভারতবিরোধী বিক্ষোভের দৃশ্য দাবিতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের ফেসবুক পেজে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার দৃশ্য দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে টাইমস নাউ দাবি করে, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে বিরোধ, জাপানের সহায়তাপুষ্ট একটি বন্দর প্রকল্প এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এসব বিষয়কে ঘিরে বাংলাদেশে ভারতবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক বক্তব্য জোরালো হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে ভারতবিরোধী কোনো বিক্ষোভের নয়। প্রকৃতপক্ষে, এটি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের দৃশ্য।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে একজন গণমাধ্যমকর্মীকে বলতে শোনা যায়, “পুলিশ এবং পোশাকশ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়ে গেছে।” পরবর্তীতে ভিডিওটির সূত্র ধরে অনুসন্ধানে মো. শাহিন হাওলাদার নামের একটি ফেসবুক পেজে গত ১ নভেম্বর একই ভিডিও পাওয়া যায়। ওই পোস্টের শিরোনামেও ঘটনাটিকে মিরপুর-১০ এলাকায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি মতামতেও একই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার ছবি ব্যবহার করা হয়েছে। এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়, আলোচিত ভিডিওটি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে চলমান আন্দোলনের সময়কার। এর সঙ্গে ভারতবিরোধী কোনো বিক্ষোভের সম্পর্ক নেই।

অর্থাৎ, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ভিডিওকে ভারতবিরোধী বিক্ষোভের দৃশ্য হিসেবে প্রচার করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ। দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular