সম্প্রতি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সব গার্মেন্টস শ্রমিক শপথ নিয়েছেন যে, যেভাবেই হোক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন।
অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি পোশাকশ্রমিকদের শপথ গ্রহণের নয় এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। সেই সময়ের দৃশ্যকেই সাম্প্রতিক পোশাকশ্রমিকদের আন্দোলনের ঘটনা দাবি করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ৮ আগস্ট যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে যুক্ত শপথ গ্রহণের দৃশ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই শপথ গ্রহণ করেন।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি ২০২৪ সালের আগস্টে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের শপথ গ্রহণের পুরোনো দৃশ্য। এর সঙ্গে সাম্প্রতিক পোশাকশ্রমিকদের আন্দোলনের কোনো সংশ্লিষ্টতা নেই।
সুতরাং, ২০২৪ সালের আগস্টে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণের পুরোনো ভিডিওকে পোশাকশ্রমিকদের শপথ গ্রহণের দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা ও বিভ্রান্তিকর।

