সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রেকিং’ সংবাদ হিসেবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৩.২৩ শতাংশ দাবি করে একটি তথ্য ছড়ানো হচ্ছে। তবে ফল প্রকাশের আগেই পাসের নির্দিষ্ট হার উল্লেখ করে প্রচারিত এই তথ্যের কোনো নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায়নি। এটি বিভ্রান্তিকর প্রচারণা। শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই এমন দাবি ছড়িয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করে আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১১টা নির্ধারণ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তির বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং দেশের একাধিক সংবাদমাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে। নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরই পাসের হারসহ ফলাফলের প্রকৃত তথ্য জানা যাবে।
সুতরাং, ফল প্রকাশের আগেই পাসের হার ৫৩.২৩ শতাংশ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে সত্য হিসেবে গ্রহণের সুযোগ নেই। আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই পাসের হার নির্দিষ্ট করে প্রচার করা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। যাচাই ছাড়া এমন তথ্য শেয়ার না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

