সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এর প্রথম পাতার খবরের আদলে তৈরি একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, চিত্রনায়িকা পরীমনি একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেছেন— “আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন, এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন, আমি বিষয়টিকে গুরুত্ব দিইনি।” তবে পত্রিকার কাটিংয়ের মতো দেখতে এই ছবিটি এবং এর ভেতরের দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়িকা পরীমনি প্রকাশ্যে বা কোনো গণমাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে এমন কোনো মন্তব্য বা বক্তব্য দেননি। তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম বা অফিশিয়াল পেজগুলোতেও এমন কোনো বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। অন্যদিকে, ‘বাংলাদেশ প্রতিদিন’-এর প্রিন্ট সংস্করণ, অফিশিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজ নিবিড়ভাবে পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, তারা এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি। মূলত বিভিন্ন এআই (AI) শনাক্তকরণ টুলস বা ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদপত্রের এই কাটিংটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি সম্পাদিত ছবি।
অর্থাৎ, মূলধারার একটি জাতীয় দৈনিকের নাম ও লোগো ব্যবহার করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে সম্পূর্ণ ভিত্তিহীন একটি মন্তব্যকে খবর হিসেবে প্রচার করা হচ্ছে। মূলত জনমনে রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তি ছড়াতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরিত্রহনন করতেই এই ভুয়া ছবিটির বিস্তার ঘটানো হয়েছে।
সুতরাং, আসিফ মাহমুদকে জড়িয়ে চিত্রনায়িকা পরীমনির মন্তব্যের দাবিতে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর নামে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

