Google search engine
HomePoliticsবিপুল জনসমাগমসহ আওয়ামী লীগের মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ...

বিপুল জনসমাগমসহ আওয়ামী লীগের মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট; এটি মূলত ইশরাক হোসেনের নেতৃত্বাধীন বিএনপির একটি মশাল মিছিলের এডিটেড ফুটেজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মাগুরা জেলা আওয়ামী যুবলীগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, আওয়ামী লীগের একটি মশাল মিছিলে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ঘটেছে। ভিডিওটিতে ব্যাপক জনসমাগমসহ একটি মশাল মিছিলের দৃশ্য প্রদর্শন করা হয়েছে। তবে প্রচারিত এই দাবি ও ভিডিওর প্রেক্ষাপট সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটিকে ডিজিটালভাবে সম্পাদনা করে সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। মূল ভিডিও ফুটেজটিকে ফ্লিপ (উল্টো) করা, রঙের পরিবর্তন এবং মিছিলের দৃশ্য আংশিকভাবে ব্লার করে দেওয়া হয়েছে। একই সাথে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বক্তব্য ও অডিও জুড়ে দিয়ে মিছিলটির প্রকৃত পরিচয় আড়াল করার অপচেষ্টা করা হয়েছে।

প্রকৃতপক্ষে, এটি আওয়ামী লীগের কোনো মশাল মিছিলের দৃশ্য নয়। মূল ফুটেজটি মূলত গত ৩১ জুলাই ২০২৬ তারিখে ঢাকায় ইশরাক হোসেনের (ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী) নেতৃত্বে অনুষ্ঠিত বিএনপির একটি মশাল মিছিলের। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে সেদিন ঢাকা-৬ আসন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল। মিছিলটি রাজধানীর মালিটোলা পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। গত ৩১ জুলাই ‘News বাংলা’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ওই মিছিলের মূল ভিডিওর সাথে বর্তমানে প্রচারিত সম্পাদনা করা ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে।

অর্থাৎ, ডিজিটাল জালিয়াতির আশ্রয় নিয়ে বিএনপির একটি মশাল মিছিলের পুরোনো ভিডিওকে সম্পাদনা করে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগের মিছিল হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

সুতরাং, বিপুল জনসমাগমসহ আওয়ামী লীগের মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট; এটি মূলত ইশরাক হোসেনের নেতৃত্বাধীন বিএনপির একটি মশাল মিছিলের এডিটেড ফুটেজ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular