Google search engine
HomePoliticsদৈনিক প্রথম আলোর ডিজাইন নকল করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর নামে...

দৈনিক প্রথম আলোর ডিজাইন নকল করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর নামে যুবদল নেতা কাফিল উদ্দিন ভুইয়ার প্রচারিত খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি একটি ডিজিটাল জালিয়াতি নির্ভর অপপ্রচার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম সারির জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-এর প্রথম পাতার খবরের আদলে তৈরি একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে একটি সংবাদের শিরোনামে দাবি করা হয়েছে যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে বিয়ের আশ্বাসে প্রেম এবং পরে হত্যার মতো গুরুতর অভিযোগ উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাফিল উদ্দিন ভুইয়া তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করে দাবিটি ছড়িয়েছেন। তবে পত্রিকার কাটিংয়ের মতো দেখতে এই ছবিটি এবং এর ভেতরের সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

অনুসন্ধানে জানা যায়, ‘প্রথম আলো’ পত্রিকা নাসিরুদ্দিন পাটোয়ারীকে নিয়ে এমন কোনো সংবাদ কখনোই প্রকাশ করেনি। পত্রিকাটির প্রিন্ট সংস্করণ, ই-পেপার এবং অফিশিয়াল ওয়েবসাইট নিবিড়ভাবে পর্যালোচনা করে এই সংবাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া, নির্ভরযোগ্য অন্য কোনো গণমাধ্যম বা সূত্রেও নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে ওঠা এমন কোনো অভিযোগ বা ঘটনার বিন্দুমাত্র সত্যতা মেলেনি।

অর্থাৎ, মূলধারার একটি স্বনামধন্য জাতীয় দৈনিকের পরিচিতি, লোগো এবং পেজ ডিজাইন হুবহু নকল করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে সম্পূর্ণ ভিত্তিহীন একটি খবর তৈরি করা হয়েছে। রাজনৈতিকভাবে চরিত্রহনন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া কাটিংটি প্রচার করা হচ্ছে।

সুতরাং, দৈনিক প্রথম আলোর ডিজাইন নকল করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর নামে যুবদল নেতা কাফিল উদ্দিন ভুইয়ার প্রচারিত খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি একটি ডিজিটাল জালিয়াতি নির্ভর অপপ্রচার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular