সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারেক রহমানকে নিয়ে মন্তব্য করতে দেখা যাচ্ছে। ভিডিওটির একটি অংশে তাকে বলতে শোনা যায়, ‘বউও চায় ক্ষমতা, তারেকও চায় ক্ষমতা’। এ বক্তব্যকে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থাপন করে বিভিন্ন পোস্টে প্রচার করা হচ্ছে।
তবে ভিডিওটির প্রচারিত সংস্করণটি পূর্ণাঙ্গ নয় এবং এতে বক্তব্যের মূল প্রেক্ষাপট পরিবর্তন করা হয়েছে। মূল ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, খালেদা জিয়ার বক্তব্যের সংশ্লিষ্ট অংশটি তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি। বরং তিনি তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে প্রসঙ্গ করে ওই বক্তব্য দিয়েছিলেন।
পরবর্তীতে মূল ভিডিও থেকে বক্তব্যের নির্দিষ্ট অংশ কেটে আলাদাভাবে উপস্থাপন করে সেটিকে তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো মন্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে। ফলে ভিডিওটির সম্পাদিত অংশের কারণে বক্তব্যটির প্রকৃত প্রেক্ষাপট আড়াল হয়ে গেছে এবং দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
সুতরাং, তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড; সংশ্লিষ্ট বক্তব্যটি মূলত হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে দেওয়া হয়েছিল।

