
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নামে একটি বক্তব্য প্রচার করা হয়েছে। প্রচারিত দাবিতে বলা হচ্ছে, তিনি সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমরা জুলাই সনদের ভিত্তিতে দেশ চালাবো। ৬ মাস লাগবে না, ৩ মাসেই দেশকে সিঙ্গাপুর বানিয়ে দিব, কথা দিলাম।’
অনুসন্ধানে দেখা যায়, মিয়া গোলাম পরওয়ার এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ ছাড়াই তাঁর নামে বক্তব্যটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির প্রচারের সূত্র অনুসন্ধান করতে গিয়ে ‘Nationalist Force’ নামের একটি ফেসবুক পেজে একই দাবিতে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। তবে সেখানে মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের কোনো ভিডিও, অডিও, সংবাদ প্রতিবেদন কিংবা বক্তব্যের মূল উৎস উল্লেখ করা হয়নি।
উক্ত পেজটির অন্যান্য পোস্ট পর্যালোচনা করেও দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও নেতার নামে একাধিক বক্তব্য প্রচার করা হয়েছে, যেগুলোর পক্ষে নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ নেই। ফলে আলোচিত দাবিটির ক্ষেত্রেও পোস্টটিকে বক্তব্যের নির্ভরযোগ্য উৎস হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।
পরবর্তীতে মিয়া গোলাম পরওয়ারের নামে প্রচারিত বক্তব্যটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হয়। কিন্তু দেশের মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তাঁর এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে তাঁর ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত বক্তব্যের কোনো পোস্ট বা প্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিন মাসের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরে পরিণত করার প্রতিশ্রুতি মিয়া গোলাম পরওয়ার দিয়েছেন—এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।
সুতরাং, ‘৩ মাসেই দেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব’ বলে সরকারের পদত্যাগ চেয়েছেন মিয়া গোলাম পরওয়ার—এ দাবিটি মিথ্যা।

