
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নামে একটি বক্তব্য প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিল বলেই আজ এত লোডশেডিং। জনগণকে কষ্ট দিতেই ফ্যাসিস্ট সরকার এই অপরাধ করে গেছে।’
অনুসন্ধানে আলোচিত বক্তব্যটির কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাম্প্রতিক বক্তব্য ও গণমাধ্যমে প্রকাশিত বিদ্যুৎ পরিস্থিতি-সংক্রান্ত বক্তব্য পর্যালোচনা করেও শেখ হাসিনার আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়াকে বর্তমান লোডশেডিংয়ের কারণ হিসেবে উল্লেখ করে এমন মন্তব্যের প্রমাণ মেলেনি। বরং সাম্প্রতিক বক্তব্যে তিনি বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও উৎপাদন কমে যাওয়ার মতো বিষয়ের কথা বলেছেন।
এছাড়া, শেখ হাসিনার আমলে ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ পৌঁছে দেওয়ার বিষয়টি তাঁর সরকারের বিদ্যুৎ খাতের উদ্যোগের অংশ হিসেবে প্রকাশ্যে উল্লেখ করা হয়েছিল। ২০২৪ সালের এক বক্তব্যেও শেখ হাসিনা নিজেই ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ দেওয়ার কথা বলেছিলেন। তবে এর সঙ্গে বর্তমান লোডশেডিংকে যুক্ত করে ইকবাল হাসান মাহমুদের আলোচিত মন্তব্যের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ‘শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিল বলেই আজ এত লোডশেডিং’ এবং ‘জনগণকে কষ্ট দিতেই ফ্যাসিস্ট সরকার এই অপরাধ করে গেছে’—এ ধরনের মন্তব্য ইকবাল হাসান মাহমুদ করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া ও বানোয়াট।

