
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে একটি বক্তব্য প্রচার করা হয়েছে। সেখানে তাঁকে উদ্ধৃত করে দাবি করা হচ্ছে, ‘আমার এখানে বিদ্যুৎ আছে। গ্যাসও আছে। গাড়িতে তেল আছে। বাসায় নিয়মিত বাজার আছে। যারা বলছেন, এই নাই, সেই নাই—তারা ফ্যাসিস্টদের দোসর। আমি সজাগ আছি। আপনাকেও সজাগ থাকতে হবে।’
অনুসন্ধানে জানা যায়, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। বরং নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তাঁর নামে বক্তব্যটি প্রচার করা হয়েছে। একই দাবিতে প্রচারিত ফটোকার্ডে বক্তব্যটির কোনো সূত্র, তারিখ বা স্থান উল্লেখ করা হয়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে তারেক রহমানের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত তাঁর সাম্প্রতিক বক্তব্য পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এই বক্তব্য সত্যিই তিনি দিয়ে থাকলে তা নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা; কিন্তু অনুসন্ধানে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বরং সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে তারেক রহমানকে দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের কথা স্বীকার করতে দেখা গেছে। তিনি বলেছেন, এসব খাতে সংকট রয়েছে এবং জনগণ ভোগান্তির মধ্যে রয়েছে। পাশাপাশি সংকট সমাধানে সরকারের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেছেন।
অর্থাৎ, তারেক রহমান দেশে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপণ্যের সংকট নেই—এমন দাবি করে সংকটের কথা বলা ব্যক্তিদের ‘ফ্যাসিস্টদের দোসর’ আখ্যা দিয়েছেন—এমন কোনো প্রমাণ নেই।

