
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের ছবি ব্যবহার করে একটি মন্তব্য প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘অপরাধীদের, ধর্ষণকারীদের, লুটপাটকারীদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করুন।’
অনুসন্ধানে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তাঁর নামে বক্তব্যটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, সেখানে কথিত বক্তব্যের কোনো ভিডিও, অডিও, সংবাদ প্রতিবেদন কিংবা মূল বক্তব্যের সূত্র উল্লেখ করা হয়নি। এমনকি তিনি কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্য করেছেন, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি।
পরবর্তীতে দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হয়। পাশাপাশি হাফিজ উদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও তাঁর ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে হাফিজ উদ্দিন আহমদের এমন বক্তব্য দেওয়ার বিষয়ে দেশের মূলধারার গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পদে থাকা ব্যক্তির এমন প্রকাশ্য মন্তব্য থাকলে তা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকলেও অনুসন্ধানে এর কোনো নজির মেলেনি।
অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য জবাবদিহির আওতায় এনে পদত্যাগের আহ্বান জানিয়েছেন—হাফিজ উদ্দিন আহমদের নামে প্রচারিত বক্তব্যটির কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই।
সুতরাং, ‘অপরাধীদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করুন’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন—এ দাবিটি ভুয়া ও বানোয়াট।

