সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—“ওসমান হাদীর কবরস্থানে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ।” ফটোকার্ডটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি তার আনুষ্ঠানিক মন্তব্য বা সরকারের সিদ্ধান্ত।
তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। নির্ভরযোগ্য গণমাধ্যম, প্রামাণ্য সূত্র কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির অফিসিয়াল প্ল্যাটফর্ম—কোথাও এমন কোনো বক্তব্য বা সিদ্ধান্তের অস্তিত্ব মেলেনি। কী-ওয়ার্ড অনুসন্ধানেও আলোচিত দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্য পাওয়া যায় না।
বিশ্লেষণে দেখা যায়, একটি গণমাধ্যমের ডিজাইন অনুসরণ করে ফটোকার্ডটি সম্পাদনা (এডিট) করে তৈরি করা হয়েছে এবং সেখানে ভুয়া বক্তব্য সংযোজন করা হয়েছে। প্রকৃতপক্ষে, এটি একটি জাল (ফেক) ফটোকার্ড, যা বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত হতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্পষ্টভাবে জানান, সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি এবং এ ধরনের কোনো উদ্যোগও নেওয়া হয়নি।
সুতরাং, সালাহউদ্দিন আহমেদের নামে প্রচারিত ‘ওসমান হাদীর কবরস্থানে প্রবেশ নিষিদ্ধ’ সংক্রান্ত ফটোকার্ডটি সম্পূর্ণ এডিটেড, ভুয়া এবং বিভ্রান্তিকর।

