সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি মন্তব্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে—ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা নাকি বলেছেন, “জামায়াতের হুজুর যদি রাজাকার হয় তাহলে এলাকার মসজিদ-মাহফিলে হুজুর না রেখে বিএনপি নেতাকর্মী এনে তাদের দিয়ে মাহফিল ও মসজিদের ইমামতি করান।” বক্তব্যটি উদ্ধৃতি আকারে ছড়িয়ে দিয়ে তা তার অবস্থান হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে গণমাধ্যম, বিশ্বস্ত তথ্যসূত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তির অফিসিয়াল প্ল্যাটফর্ম পর্যালোচনা করেও এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি। তার সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ধরনের বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিশ্লেষণে দেখা যায়, আলোচিত মন্তব্যটি সম্পূর্ণ মনগড়া এবং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। একজন সক্রিয় সংসদ সদস্য এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পেত—কিন্তু এ ক্ষেত্রে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

