সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি কনসুলেটে বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক নিহত ও আহত হয়েছেন।
তবে বিস্তারিত অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। আন্তর্জাতিক একাধিক নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণে দেখা যায়, উক্ত হামলায় কোনো ইসরায়েলি নাগরিক হতাহত হননি। বরং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন হামলাকারী নিহত এবং বাকি দুইজন আহত হয়েছেন।
এছাড়া হামলাকারীদের গুলিতে দুইজন তুর্কি পুলিশ সদস্য আহত হলেও তারা আশঙ্কামুক্ত রয়েছেন। যাচাই করে আরও নিশ্চিত হওয়া যায় যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি মূল ঘটনাটিরই ফুটেজ হলেও এর সঙ্গে ভুয়া ও অতিরঞ্জিত দাবি যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো সরকারি সূত্রেও ইসরায়েলি নাগরিক নিহত বা আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটে হামলায় ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

